হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার।
যৌথ বাহিনীর বিশেষ অভিযানে নোয়াখালীর হাতিয়া উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ মো. মহিবুল্লাহ (৪১) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে মধ্য মাচুয়ারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড জানায়, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র মজুতের তথ্যের ভিত্তিতে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় মহিবুল্লাহকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটক মহিবুল্লাহ হাতিয়া উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড ও পূর্বে অস্ত্র মামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আগের মামলাসহ নতুন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন