ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত।
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ আগামী ৭ দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ছাত্রাবাস এলাকায় মোটরসাইকেলে জ্বালানি তেল আনা নিয়ে দুই শিক্ষার্থী হামিদুর ও মোয়াজের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি দ্রুতই দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত মোয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে ঘটনার পর কলেজ প্রশাসন জরুরি একাডেমিক কাউন্সিল সভা করে ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে ঘটনার কারণ ও দায় নির্ধারণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মতামত দিন