জ্বালানি সংকটে সারাদেশে ভোগান্তি, দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা।
দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহন চালকদের।
অনেক এলাকায় অভিযোগ উঠেছে, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি মিলছে না। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে রংপুর বিভাগে, যেখানে জ্বালানি সংকটের কারণে একাধিক ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ডিজেলের ঘাটতিও সেখানে তীব্র আকার ধারণ করেছে।
ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে নিয়মিত সরবরাহ স্বাভাবিক না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। তবে কিছু এলাকায় ফুয়েল কার্ডের মাধ্যমে সীমিতভাবে জ্বালানি নিতে পারায় গ্রাহকদের কিছুটা স্বস্তি মিলছে।
চাঁদপুর শহরেও একই চিত্র দেখা গেছে। সেখানে ফয়সাল পেট্রোল পাম্পসহ কয়েকটি স্টেশন গত রাত থেকেই তেল সরবরাহ বন্ধ রেখেছে বলে স্থানীয়রা জানান।
তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহে বড় কোনো পরিবর্তন হয়নি, বরং আগের মতোই তেল পাওয়া যাচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, যানবাহনের সংখ্যা ও চাহিদা বাড়ায় দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে, ফলে সপ্তাহে কয়েকদিন পাম্প বন্ধ রাখতে হচ্ছে।
রাজধানী ঢাকাতেও সকাল থেকেই পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। কোথাও ৮ ঘণ্টা, আবার কোথাও ১২–১৩ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন চালকরা। একজন চালক বলেন, তিনি রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও এখনো তেল পাননি।
অতিরিক্ত যানবাহনের চাপের কারণে অনেক এলাকায় সড়কে যানজটও তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত সংকট সমাধান এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মতামত দিন