জাতীয়
ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকা খুলে পড়ে, ঢাকায় নিরাপদে অবতরণ বিমানের।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই বিমানের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে শিশুসহ ৭১ যাত্রী নিয়ে উড্ডয়নকারী বিমানটি শেষ পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন।

শুক্রবার (১৬ মে) দুপুরে এই ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে আকাশে ওড়ার পরই বিমানের পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। এরপর দুপুর ২টা ১৭ মিনিটে সেটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

তিনি বলেন, “বিমানটি নিরাপদে নামানো সম্ভব হয়েছে। যাত্রীরা সবাই সুস্থ আছেন। চাকা খোলার কারণ খতিয়ে দেখছেন আমাদের ইঞ্জিনিয়াররা।”

ঘটনার সময় পাইলটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন বিল্লাল।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমান  বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি।

উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট জরুরি অবতরণের প্রয়োজনীয়তার কথা ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান। সঙ্গে সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসও।

মতামত দিন