জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংকট দেখা দিলে “দেখে চুপ থাকার নীতি নয়”, বরং তা সমাধানে এগিয়ে আসাই হবে তাদের অবস্থান।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের পরিস্থিতি যখন সংকটে পড়ে, তখন দায়িত্বশীলদের উচিত সমস্যা মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখা। “রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না, বরং আগুন নেভানোর চেষ্টা করাই আমাদের অবস্থান,”—যোগ করেন তিনি।
স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা নিয়ে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান দাবি করেন, কাগজে-কলমে আইসিইউ সুবিধা থাকলেও বাস্তবে অনেক হাসপাতালে তা কার্যকর নেই। তার মতে, শুধু অবকাঠামো নয়, দক্ষ জনবল ও প্রশিক্ষিত ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের ঘাটতিও রয়েছে।
তিনি আরও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি রোগী চাপ ও ব্যবস্থাপনার সংকট প্রত্যক্ষ করেছেন। তার ভাষায়, “এটি এখন হাসপাতালের চেয়ে বেশি চাপযুক্ত একটি জায়গা।” জনবল ও সুবিধার ঘাটতির কারণে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
স্বাস্থ্য খাতকে “অব্যবস্থাপনা ও অনিয়মে জর্জরিত” উল্লেখ করে তিনি বলেন, দায়িত্বে গেলে শিক্ষা ও স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হবে। একটি সুস্থ ও শিক্ষিত জাতি গড়াই হবে মূল লক্ষ্য।
এর আগে রাজধানীর আসাদগেট এলাকায় একটি জ্বালানি পাম্প পরিদর্শন শেষে তিনি বলেন, দেশে জ্বালানি সংকটের বাস্তবতা স্বীকার না করলে সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, পাম্পগুলো চাহিদার তুলনায় অনেক কম জ্বালানি পাচ্ছে, যার ফলে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
তার মতে, সংকট লুকিয়ে না রেখে স্বচ্ছভাবে পরিস্থিতি জাতির সামনে তুলে ধরা জরুরি।
মতামত দিন