অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের আরও ছয় জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ অ্যাপ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপের পরিধি আরও সম্প্রসারণ করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে সফলভাবে চালুর পর এবার দেশের আরও ছয়টি জেলায় শুরু হয়েছে এর পাইলট কার্যক্রম।

শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই পর্যায়ে ঢাকার ব্যবস্থাও বাড়ানো হয়েছে। আগে সীমিত কয়েকটি পেট্রল পাম্পে কার্যক্রম থাকলেও এখন রাজধানীর মোট ১৮টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে জ্বালানি সংগ্রহ করা যাবে। একইসঙ্গে ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ এবং চাঁদপুর জেলায় মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য নিবন্ধনের সুযোগ চালু করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ধাপে ধাপে এই ডিজিটাল জ্বালানি ব্যবস্থাপনা সারা দেশে বিস্তৃত করা হবে।

অ্যাপটি ব্যবহার করতে হলে গুগল প্লে স্টোর থেকে ‘Fuel Pass BD’ ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য প্রদান এবং পাসওয়ার্ড সেট করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

জ্বালানি খাতের এই উদ্যোগকে সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনা এবং প্রকৃত গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন