পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় শনিবার ভোরে অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প। আকস্মিক এই কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে কম্পনটি রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল, যার গভীরতা ছিল প্রায় ১৯৯ কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পটি গভীরে হওয়ায় এর কম্পন বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে।
ইসলামাবাদের পাশাপাশি পেশোয়ার, সোয়াত, চিত্রাল, মালাকান্দ ও চারসাদ্দাসহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়। বাট্টাগ্রাম, মানসেহরা ও শাংলার মতো আশপাশের এলাকাগুলোতেও একই পরিস্থিতি দেখা যায়।
হঠাৎ কম্পনে অনেক মানুষ ঘরবাড়ি ও ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম এলাকাগুলোতেও নজরদারি রাখা হচ্ছে, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর দ্রুত সংগ্রহ করা যায়।
মতামত দিন