আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। তিনি পেশায় পরিচ্ছন্নতা কর্মী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার কিছু আগে পাসির গুদাংয়ের জালান মাসাই-কং কং সড়কে এই দুর্ঘটনা ঘটে। সেরি আলাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক জানান, তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি হোন্ডা ওয়েভ মোটরসাইকেল চালিয়ে মাসাই থেকে কোতা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বিপরীত লেনে চলে যান। এতে প্রথমে একটি মডিনাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এবং তিনি সড়কে পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা আরেকটি ইয়ামাহা ১৩৫ এলসি মোটরসাইকেল তাকে চাপা দেয়।

ঘটনাস্থলেই গুরুতর আঘাতে তার মৃত্যু হয়। বিশেষ করে বাম পাশের পাঁজরে মারাত্মক আঘাত ছিল বলে জানিয়েছে পুলিশ। অপর দুই মোটরসাইকেলের চালক—যাদের বয়স ২২ ও ২৫ বছর—সামান্য আহত হয়েছেন।

নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ এবং আহতদের পাসির গুদাং হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর সংশ্লিষ্ট ধারায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শী থাকলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন