হরমুজ পার হতে না পেরে আবারও থামল ‘বাংলার জয়যাত্রা’।
হরমুজ প্রণালি খুলে দেওয়ার খবরে আশার আলো দেখলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ইরানি কর্তৃপক্ষের নির্দেশে আবারও পিছু হটতে হয় জাহাজটিকে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। তবে মাঝপথে বেতার বার্তার মাধ্যমে নিষেধাজ্ঞা জানানো হলে তা আর এগোতে পারেনি। পরে গভীর রাতে ‘মিনা সাকার’ এলাকায় ফিরে গিয়ে নোঙর করে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, রাত ১২টার পর ইরানের পক্ষ থেকে বার্তা পাওয়ার পরই জাহাজটির যাত্রা স্থগিত করা হয়। শুধু এই জাহাজ নয়, একই সময়ে আরও প্রায় ৩০টি জাহাজও প্রণালি পার হতে গিয়ে বাধার মুখে পড়ে।
জাহাজে থাকা নাবিকদের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর পেয়ে তারা হরমুজ অতিক্রমের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ মুহূর্তে অনুমতি না মেলায় ফিরে আসতে বাধ্য হন।
এর আগে ধারণা করা হয়েছিল, বাংলাদেশ সময় রাতের মধ্যেই জাহাজটি প্রণালি পেরিয়ে মুক্ত জলসীমায় পৌঁছে যাবে। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ‘বাংলার জয়যাত্রা’ গত ফেব্রুয়ারিতে ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। ঠিক সেই সময়ই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেলে জাহাজটি আটকা পড়ে। বর্তমানে নাবিকদের নিরাপত্তা বিবেচনায় সেটিকে নিরাপদ এলাকায় রাখা হয়েছে।
মতামত দিন