অপরাধ
ছবি: সংগৃহীত

জেলি ও রাসায়নিক মিশিয়ে ভেজাল দুধ তৈরির দায়ে ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

পাবনার ভাঙ্গুড়ায় গোপনে জেলি ও রাসায়নিক মিশিয়ে দুধ তৈরি করে বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ফারুক হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার অষ্টমনিষ্যা ইউনিয়নের সিংগারি গ্রামে অভিযান চালান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করা হয়।

প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে বাড়িতেই জেলি ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে কৃত্রিম দুধ তৈরি করতেন ফারুক। পরে সেগুলো স্থানীয় বাজারে সরবরাহ করা হতো। অভিযানের সময় প্রায় ২০০ লিটার জেলি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। জব্দকৃত এসব উপকরণ পরে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে সাজা ও জরিমানার আদেশ দেওয়া হয়। অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তারাও অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, এই ধরনের ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন