শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিল ইরান, সামরিক জাহাজে নিষেধাজ্ঞা।
মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনার পর গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালি আবারও সীমিতভাবে চালু করেছে ইরান। তবে শুরু থেকেই এই পথ ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।
আইআরজিসি জানিয়েছে, আপাতত শুধু বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কোনো সামরিক জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না—এ বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রণালি দিয়ে যাতায়াত করতে হলে জাহাজগুলোকে নির্দিষ্ট ট্রাফিক রুট মেনে চলতে হবে। পাশাপাশি যাত্রার আগে আইআরজিসির নৌবাহিনীর কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন নেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।
ইরান বলছে, ইরান ও লেবানন সংশ্লিষ্ট সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা কিছুটা কমায় পরিস্থিতি অনুকূলে এসেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি বন্ধ করে দেয় তেহরান। ওই সময় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, অন্তত ১৯টি বেসামরিক জাহাজ হামলার শিকার হয় এবং পুরো রুট কার্যত অচল হয়ে পড়ে।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি হলেও লেবানন পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে প্রণালি খুলে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান আনুষ্ঠানিকভাবে এই নৌপথ পুনরায় চালুর ঘোষণা দেয়।
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি পুনরায় চালু হওয়ায় জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন