দেশে যুক্ত হচ্ছে নতুন উপজেলা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে উপজেলায় উন্নীত করার কার্যক্রম এখন শেষ পর্যায়ে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানিয়েছেন, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত প্রাথমিক অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে।
সম্প্রতি বগুড়া সফরে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রাক-নিকার সভায় মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। একই বৈঠকে বগুড়া সিটি করপোরেশন সংক্রান্ত প্রস্তাবও পাস হয়। তবে নতুন উপজেলার প্রশাসনিক ভবন কোথায় হবে, তা এখনো নির্ধারণ হয়নি। এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি নোটিশে জানা গেছে, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে মোট আটটি প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হয়, যার মধ্যে মোকামতলাকে উপজেলা ঘোষণার বিষয়টিও ছিল।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে উপজেলা হিসেবে কার্যক্রম শুরু হয়নি। গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো চূড়ান্তকরণ ও উদ্বোধনসহ বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পরই এটি কার্যকর হবে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর—এই পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলাটি গঠিত হবে। আয়তন প্রায় ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং সম্ভাব্য জনসংখ্যা দেড় লাখের মতো হতে পারে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান প্রথম এই উদ্যোগ নিয়ে আবেদন করেন। প্রস্তাবটি বাস্তবায়ন হলে বগুড়া-২ আসনের প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন আসবে।
মতামত দিন