দাবি আদায় না হওয়ায় কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ।
দুই দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় কুষ্টিয়ায় হঠাৎ করে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে সকাল থেকেই যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে জেলার ভেতরের প্রায় সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুরসহ বিভিন্ন আঞ্চলিক রুটে কোনো বাস ছেড়ে যায়নি। পাশাপাশি খুলনা, যশোর, রাজবাড়ী, বরিশাল, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জগামী বাসও বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী দূরপাল্লার পরিবহন চলাচল স্বাভাবিক আছে।
এর আগের দিন সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির ঘোষণা দেয় শ্রমিক ইউনিয়ন।
শ্রমিক নেতাদের দাবি, মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হলেও তাদের ন্যায্য সুবিধা নিশ্চিত করা হয়নি। শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বলেন, মালিকরা যেসব সুযোগ-সুবিধা ভোগ করেন, সেগুলো শ্রমিকদের ক্ষেত্রেও নিশ্চিত করতে হবে। এছাড়া সংগঠনের নামে একটি বাস নির্দিষ্ট রুটে চালানোর অনুমোদনও তাদের অন্যতম দাবি।
তিনি জানান, ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু তা না হওয়ায় কর্মসূচি বাস্তবায়নে নামেন তারা। মালিক সমিতির শ্রমিকরাও এতে একাত্মতা প্রকাশ করায় পুরো জেলায় বাস চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে মালিকপক্ষের বক্তব্য, শ্রমিকদের উত্থাপিত দুইটি দাবির বিষয়ে আলোচনা চলছিল। কিন্তু সমাধান না হওয়ায় তারা হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেয়।
পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের মধ্যে আবারও আলোচনা হতে পারে বলে জানা গেছে।
মতামত দিন