বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক সদস্য নিহত।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ এলাকায় বিএসএফের একটি ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বসিরহাট মহকুমার অন্তর্গত ওই এলাকায় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পের জ্বালানি সংরক্ষণ কক্ষে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। আগুনের সময় ভেতরে থাকা রাম সিং নামের এক বিএসএফ সদস্য আটকে পড়েন এবং গুরুতর দগ্ধ হন।
পরে দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে জ্বালানি ঘরে আগুন লাগার ধারণা করা হলেও ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

মতামত দিন