চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে: সড়কমন্ত্রী।
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে প্রশ্নের জবাবে তিনি জানান, এই মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি বিভিন্ন ধাপে বাস্তবায়নের মাধ্যমে সম্পন্ন করা হবে।
মন্ত্রী বলেন, প্রকল্পের প্রথম ধাপে ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ অনুমোদন পেয়েছে। শিগগিরই নির্মাণকাজ শুরু হবে এবং ২০২৯ সালের মধ্যে এ অংশ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রকল্পের আওতায় ২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাকি প্রায় ৪৮ কিলোমিটার অংশের সম্ভাব্যতা যাচাই চলমান রয়েছে এবং অর্থায়ন বিষয়ে উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে আলোচনা চলছে।
সেতুমন্ত্রী বলেন, দুর্ঘটনা প্রবণ এই সড়কে নিরাপত্তা বাড়াতে ইতোমধ্যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। বিভিন্ন সময়ে পরিচালিত সমীক্ষায় প্রকল্প বাস্তবায়নের ব্যয় ও পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।
মতামত দিন