বিসিএস সিলেবাসে বড় পরিবর্তনের প্রস্তুতি, দক্ষতাভিত্তিক মূল্যায়নে জোর।
সরকারি চাকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা বিসিএসের সিলেবাসে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান নিয়োগ ব্যবস্থায় মুখস্থনির্ভরতা কমিয়ে দক্ষতাভিত্তিক বা স্কিল-বেজড মূল্যায়ন পদ্ধতি চালু করার পরিকল্পনা চলছে। এ পরিবর্তন আনার উদ্দেশ্যে বিসিএস পরীক্ষার বিদ্যমান সিলেবাস পর্যালোচনা ও সংস্কারের জন্য কমিটি কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার কাঠামো বিশ্লেষণ করে একটি আধুনিক ও যুগোপযোগী সিলেবাস প্রণয়নের সুপারিশ দেবে ওই কমিটি।
মৌখিক পরীক্ষার পদ্ধতিতেও পরিবর্তন আনার পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও আচরণগত দিক মূল্যায়নে আরও কার্যকর সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হবে।
নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোর উদ্যোগের কথাও জানান তিনি। তার ভাষায়, এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ইতোমধ্যে ৫০তম বিসিএসের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

মতামত দিন