সরাইলের হাসপাতাল নিজেই এখন যেন একজন ‘রোগী’—সংসদে রুমিন ফারহানা।
নিজ নির্বাচনী এলাকার সরকারি হাসপাতালের দুরবস্থার চিত্র তুলে ধরে কঠোর মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই এখন একজন রোগীর মতো অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আক্ষেপ প্রকাশ করেন।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল। কিন্তু সেখানে প্রয়োজনীয় চিকিৎসক, জনবল, ওষুধ এবং আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে।
রুমিন ফারহানা আরও বলেন, হাসপাতালে বিভিন্ন পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে, যার কারণে সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তার ভাষায়, মোট ৬৪টি পদ খালি থাকায় কার্যত হাসপাতালটি অচল অবস্থার কাছাকাছি।
তিনি জানান, ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও রাজনৈতিক পরিবর্তনের পর কাজটি থমকে গেছে। বর্তমানে পুরনো দোতলা ভবনেই সীমিত পরিসরে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

মতামত দিন