১ জুলাই থেকে প্রাথমিক শিক্ষা ও ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় বড় কর্মসূচি শুরু করছে সরকার।
আগামী ১ জুলাই থেকে দেশের প্রাথমিক শিক্ষাখাতে নতুন একটি পাঁচ বছর মেয়াদি উন্নয়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে নাগরিকদের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির পঞ্চম ধাপ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা খাতে অবকাঠামো ও মানোন্নয়নের কাজ আরও জোরদার করা হবে।
ডিজিটাল স্বাস্থ্যসেবার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, ‘ই-হেলথ কার্ড’ প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী—এই পাঁচ জেলায় ১৮০ দিনের মধ্যে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সরকার বিকল্প শ্রমবাজার তৈরির দিকে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে মালয়েশিয়া ও থাইল্যান্ডে শ্রমবাজার সম্প্রসারণে আলোচনা ও কার্যক্রম চলছে।
পাশাপাশি নদী ব্যবস্থাপনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নদী শাসন ব্যয়বহুল হলেও এর বিকল্প হিসেবে খাল খনন কার্যক্রমে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ এতে তুলনামূলকভাবে কম ব্যয়ে বাস্তবায়ন সম্ভব।
পর্যটন খাত নিয়ে তিনি জানান, কুয়াকাটা ও আশপাশের কয়েকটি উপজেলা নিয়ে একটি জাতীয় পর্যটন মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা পর্যটন উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।
এছাড়া হাই-টেক পার্ক ও সফটওয়্যার সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দেশে পেপ্যাল সেবা চালুর সম্ভাবনা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মতামত দিন