সিরিয়াল ধর্ষণ মামলায় ধরা পড়ল মূল অভিযুক্ত।
ঢাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নারী পরিচয় ব্যবহার করে ব্ল্যাকমেইল ও যৌন সহিংসতার মাধ্যমে একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, এখন পর্যন্ত অন্তত ১০ জন নতুন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে এবং ঘটনাটি আরও বড় পরিসরে বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাব্বি (৩০) অনলাইনে নারী পরিচয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে মূলত মিরপুর এলাকার নারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। পরে দেখা করার কথা বলে তাদের যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিয়ে যেতেন।
সেখানেই ঘটত মূল অপরাধ। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি একাধিক ভাড়া বাসায় ভিকটিমদের নিয়ে গিয়ে নির্যাতন করতেন এবং সেই দৃশ্য ভিডিও করে রাখতেন। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।
ঘটনার সূত্র ধরে সোমবার সন্ধ্যায় দনিয়া কলেজের সামনে থেকে তাকে আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এসব তথ্য জানান।
তদন্তে আরও জানা গেছে, একই প্রতারণার কৌশল ব্যবহার করে তিনি তার বর্তমান স্ত্রীকেও বিয়ের ফাঁদে ফেলেছিলেন।
পুলিশ জানিয়েছে, তার ব্যবহৃত মোবাইল ফোন ও ডিভাইসগুলো পরীক্ষা করে একাধিক ভিকটিমের সঙ্গে সংঘটিত অপরাধের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে তিনটি মামলা হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে।

মতামত দিন