আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নজরদারি ও হামলা চালাতে চীনা স্যাটেলাইট ব্যবহার করছে ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন এক তথ্য সামনে এসেছে, যেখানে দাবি করা হয়েছে—মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নজরদারিতে গোপনে চীনা প্রযুক্তি ব্যবহার করছে তেহরান।

ফাইন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরান চীনে তৈরি একটি গোয়েন্দা স্যাটেলাইট নিয়ন্ত্রণে নিয়েছে, যার মাধ্যমে তারা অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের সক্ষমতা অর্জন করেছে।

প্রতিবেদনে ফাঁস হওয়া সামরিক নথির বরাতে বলা হয়, “টিইই-০১বি” নামের এই স্যাটেলাইটটি চীনা কোম্পানি আর্থ আই তৈরি ও উৎক্ষেপণ করে। পরে ২০২৪ সালের শেষ দিকে এর নিয়ন্ত্রণ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস শাখার হাতে আসে।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ইরানি সামরিক কমান্ডাররা এই স্যাটেলাইট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো পর্যবেক্ষণের নির্দেশ দেন। মার্চ মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে এবং পরে এসব স্থাপনার ছবি সংগ্রহেও এটি ব্যবহার করা হয় বলে দাবি করা হয়েছে।

চুক্তির অংশ হিসেবে আইআরজিসিকে বেইজিংভিত্তিক একটি কোম্পানির গ্রাউন্ড স্টেশন ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা শুধু এশিয়াই নয়, লাতিন আমেরিকার কিছু অংশ থেকেও স্যাটেলাইট ডেটা সংগ্রহ করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।

তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন কিংবা চীনা কর্তৃপক্ষ কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি।

এদিকে চীনা দূতাবাস এই অভিযোগকে “বানোয়াট অপপ্রচার” বলে প্রত্যাখ্যান করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্চের মাঝামাঝি সময়ে স্যাটেলাইটটি সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটির ছবি তোলে। একই সময়ে জর্ডান, বাহরাইন ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলোর ওপরও নজরদারি চালানো হয় বলে দাবি করা হয়েছে।

মতামত দিন