আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়—তাই এগোতে হচ্ছে: শিক্ষামন্ত্রী।
বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের চাপ থাকলেও অনলাইন ক্লাস নিয়ে ব্যক্তিগত অনাগ্রহের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি অনলাইন ক্লাসের পক্ষে নন, তবে বর্তমান বিশ্ব বাস্তবতায় ডিজিটাল শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলা ছাড়া বিকল্প নেই।
বুধবার (১৫ এপ্রিল) সিলেট বিভাগে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জ্বালানি সংকটসহ বিভিন্ন বাস্তব পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রমে অনলাইন ও অফলাইন পদ্ধতির সমন্বয় করতে হচ্ছে। তবে এ সিদ্ধান্ত ঘিরে নানা পর্যায়ে সমালোচনাও রয়েছে।
তিনি আরও জানান, সরকারের নির্দেশে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে বিস্তৃত আলোচনা করা হয়েছে। তার দাবি অনুযায়ী, প্রায় ৭০০ থেকে ৮০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করা হলেও অধিকাংশই অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি।
শিক্ষা খাতে শৃঙ্খলা আনার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আনার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
মতামত দিন