হাদি হত্যার রহস্যে নতুন মোড়, অস্ত্র বিক্রেতা গ্রেপ্তার।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের সরবরাহ চেইন অনুসন্ধান করতে গিয়ে চট্টগ্রাম থেকে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাজেদুল হক হেলাল, যিনি চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোং-এর মালিক।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, ঘটনার সম্পূর্ণ চিত্র উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছে সিআইডি।
তদন্ত নথি অনুযায়ী, হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি নরসিংদী এলাকা থেকে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা রয়েছে। ফরেনসিক পরীক্ষায় উদ্ধার হওয়া গুলি ও ঘটনাস্থলের কার্তুজের সঙ্গে ওই পিস্তলের মিল পাওয়া গেছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা আরও জানান, মাইক্রো এনালাইসিসের মাধ্যমে অস্ত্রটির সিরিয়াল নম্বর শনাক্ত করা সম্ভব হয়, যার মাধ্যমে অস্ত্রটির মালিকানা ও বিক্রির ধারাবাহিকতা বের করা হয়।
তথ্য অনুযায়ী, পিস্তলটি প্রথমে ঢাকার এম আইচ আর্মস কোং আমদানি করে। পরে ২০১৭ সালের ৩ ডিসেম্বর এটি বিক্রি হয় চকবাজারের ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সন্সের কাছে। পরবর্তীতে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অস্ত্রটি চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোং-এ বিক্রি করা হয়, যার মালিক বর্তমানে গ্রেপ্তার মাজেদুল হক হেলাল।
রেকর্ড অনুযায়ী, তার পিতা হামিদুল হকের নামে থাকা লাইসেন্সটি পরে হেলালের নামে স্থানান্তর করা হয়। তবে ২০১৪ সালের পর লাইসেন্সটি আর নবায়ন হয়নি বলে তদন্তে উঠে এসেছে।
সিআইডির দাবি, বৈধ লাইসেন্স নবায়ন না থাকা অবস্থাতেই অস্ত্রটি বিভিন্ন হাত ঘুরে কীভাবে অপরাধে ব্যবহৃত হয়েছে, সেটি স্পষ্ট করতে হেলালের জিজ্ঞাসাবাদ জরুরি।
মতামত দিন