জাতীয়
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে মহাসড়কে আটকে গেল কক্সবাজারগামী বাস।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেট থেকে কক্সবাজার—দূরপাল্লার এই যাত্রা শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই। কিন্তু পথে গিয়ে সেই যাত্রা পরিণত হয় অনিশ্চয়তা আর ভোগান্তির গল্পে।

প্রায় ৩০ জন যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে রওনা দেয়। গন্তব্য ছিল কক্সবাজারের টেকনাফ পর্যন্ত। শুরুতে সবকিছু ঠিকঠাক চললেও ঘণ্টা পেরিয়ে রাত গড়াতেই পরিস্থিতি বদলাতে থাকে।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে বুধবার সকালে বাসটি পৌঁছায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়। তখনই ঘটে মূল বিপত্তি—জ্বালানি ফুরিয়ে যায় বাসটির। ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় মহাসড়কের ওপরেই থেমে যায় যানটি।

যাত্রীদের ভাষ্য অনুযায়ী, পথে একাধিক ফিলিং স্টেশনে জ্বালানি নিতে গিয়ে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। কোথাও সীমিত পরিমাণে তেল পাওয়া গেলেও তা পুরো যাত্রার জন্য যথেষ্ট ছিল না। কোথাও আবার ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ফিরে আসতে হয়েছে।ফলে শেষ পর্যন্ত বাসটি কক্সবাজারের পথে আর এগোতে পারেনি।

এক যাত্রী জানান, তিনি একটি প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছিলেন, কিন্তু মাঝপথে আটকে পড়ায় তার পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

অন্য এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো তো দূরের কথা, এখনই নিশ্চিত নয় তারা আদৌ কবে পৌঁছাতে পারবেন।

বাসচালক ওসমান গনি জানান, দীর্ঘ রুটের জন্য প্রয়োজনীয় জ্বালানি ছিল প্রায় ১৬০ লিটার, কিন্তু যাত্রা শুরু করেছিলেন মাত্র ৭০ লিটার নিয়ে। পথে একাধিক স্থানে চেষ্টা করেও পর্যাপ্ত জ্বালানি সংগ্রহ করা সম্ভব হয়নি।

পরিস্থিতি সামাল দিতে কিছু যাত্রীকে স্থানীয়ভাবে নামিয়ে দেওয়া হচ্ছে, বাকিদের অন্য একটি বাসে গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই ঘটনায় যাত্রীদের জন্য যাত্রাপথটি রুটিন ভ্রমণ না থেকে এক অনিশ্চিত অপেক্ষার অভিজ্ঞতায় পরিণত হয়।

মতামত দিন