ধাপে ধাপে পাঁচ লাখ কর্মচারী নিয়োগে দেবে সরকার।
সরকার ধাপে ধাপে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তরগুলোতে শূন্য পদের বিপরীতে ইতোমধ্যে ২,৮৭৯ জন নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।
সরকারি চাকরি ও প্রশাসনিক নিয়োগের পাশাপাশি বিভিন্ন খাতে উন্নয়নমূলক একাধিক কর্মসূচির কথাও উঠে আসে তার বক্তব্যে।
তিনি জানান, সারা দেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ উন্নয়ন এবং অবকাঠামো নির্ধারণের জন্য কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রযুক্তি খাতে উন্নয়নের অংশ হিসেবে হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সেবা পেপাল চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
ক্রীড়া খাতে সরকারের সহায়তা কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা থাকলেও বর্তমানে ১২৯ জন ক্রীড়াবিদ ভাতা পাচ্ছেন।
শিক্ষা ও বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ঋণ সুবিধা সম্প্রসারণের কথাও তিনি জানান। ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার আগেই সার্টিফিকেট অব ইলিজিবেলিটির ভিত্তিতে ঋণ সুবিধা দেওয়া সহজ করা হয়েছে।

মতামত দিন