আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন না আসা পর্যন্ত মিশন চলবে: মোসাদ প্রধান বার্নিয়া।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। তার ভাষায়, ইরানে তাদের চলমান মিশন কোনো অবস্থাতেই থামছে না, বরং দেশটির শাসনব্যবস্থায় (রেজিম চেঞ্জ) পরিবর্তন না আসা পর্যন্ত এটি চলবে।

বুধবার (১৫ এপ্রিল) দ্য টাইমস অব ইসরায়েল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

জেরুজালেমে অবস্থিত ইয়াদ ভাশেম হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। হলোকাস্ট স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি ইরান নিয়ে ইসরায়েলের অবস্থান আরও কঠোরভাবে তুলে ধরেন।

বার্নিয়ার দাবি, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথ অভিযানের সময় মোসাদ সরাসরি তেহরানের অভ্যন্তরে কার্যক্রম পরিচালনা করেছে। তার মতে, যুদ্ধ চলাকালীন তারা ইসরায়েলি বিমানবাহিনীকে নির্ভুল গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সফল হামলায় সহায়তা করেছে।

তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হওয়া মানেই তাদের মিশনের সমাপ্তি নয়। আগেই পরিকল্পনা অনুযায়ী তেহরানে অভিযান পরবর্তী সময়েও অব্যাহত থাকবে।

মোসাদ প্রধানের দাবি, তাদের এই অভিযান শেষ হবে কেবল তখনই, যখন ইরানের বর্তমান শাসনব্যবস্থায় পরিবর্তন ঘটবে। তার ভাষায়, এটাই তাদের মূল লক্ষ্য।

মতামত দিন