মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে চার দফা প্রস্তাব দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে চার দফা প্রস্তাব তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
শি জিনপিং বলেন, আন্তর্জাতিক ব্যবস্থাকে কখনোই এমন পর্যায়ে যেতে দেওয়া উচিত নয়, যেখানে শক্তিই মূল নিয়ম হিসেবে কাজ করে। তার ভাষায়, বিশ্বকে ‘জঙ্গলের আইন’ থেকে দূরে রাখতে হবে।
তিনি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বলেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা জরুরি।
প্রায় ছয় সপ্তাহ আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলজুড়ে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটেই চীনের এই প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
চীনা প্রেসিডেন্ট জানান, বেইজিং ভবিষ্যতেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী।
তার প্রস্তাবিত চার দফার মধ্যে রয়েছে রাষ্ট্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং একটি স্থিতিশীল ও টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে তোলা।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন সব দেশের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হওয়া উচিত। কোনো পরিস্থিতিতেই এটিকে ইচ্ছামতো ব্যবহার বা উপেক্ষা করা ঠিক নয়।

মতামত দিন