জাতীয়
ছবি: সংগৃহীত

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে সাত শ্রমিক নিহত, আহত আরও কয়েকজন।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ১৩ জন শ্রমিক একটি চালবোঝাই ট্রাকে করে নোয়াখালীর উদ্দেশে যাচ্ছিলেন। ভাড়া কমানোর কারণে তারা ট্রাকের ওপর বসে যাত্রা করছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন শ্রমিক মারা যান।

নিহতদের মধ্যে দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামের শ্রমিকরা রয়েছেন। তারা সবাই ধান কাটার মৌসুমি কাজের উদ্দেশে নোয়াখালী যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতদের স্বজনরা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে তারা এখন চরম বিপাকে পড়েছেন।

এদিকে দুর্ঘটনার পর দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।

মতামত দিন