কৃষক স্বচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী।
দেশের উন্নয়নে কৃষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত, তাই কৃষক স্বচ্ছল ও স্বনির্ভর হলে বাংলাদেশও সমৃদ্ধ হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন।
তিনি জানান, কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষক কার্ড কর্মসূচিও তারই ধারাবাহিক অংশ, যা কৃষকদের আর্থিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করবে।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। একইসঙ্গে কৃষি খাতে আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কৃষক কার্ড কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ১১টি উপজেলায় ২২ হাজার ৬৫ জন কৃষকের হাতে এই সুবিধা তুলে দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে এর আওতায় আনার লক্ষ্য রয়েছে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ, সেচ সুবিধা, কোল্ড স্টোরেজ স্থাপন এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে কৃষিপণ্যের অপচয় কমে আসে এবং কৃষকের আয় বাড়ে।
প্রধানমন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কৃষিকে টেকসই ও লাভজনক খাতে রূপান্তর করাই সরকারের মূল উদ্দেশ্য।

মতামত দিন