হরমুজ উত্তেজনায় তেলের বাজারে অস্থিরতা, দাম বাড়ল প্রায় ৪%।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক তেলের বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজে অবরোধ জোরদার করার পর সোমবার তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের পাল্টা অবস্থান তেলের সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। বিশ্বে বিপুল পরিমাণ জ্বালানি এই রুট দিয়ে পরিবাহিত হওয়ায় যেকোনো অনিশ্চয়তা সরাসরি দামে প্রভাব ফেলছে।
সর্বশেষ তথ্যে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়ে প্রায় ৯৯ ডলারের ঘরে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দামও প্রায় ১০০ ডলারের কাছাকাছি উঠে গেছে।
দিনের শুরুতে দাম আরও বেশি বাড়লেও পরে কিছুটা কমে আসে, যা বাজারের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের অনিশ্চিত অবস্থান এবং সামরিক উত্তেজনা—উভয়ই বাজারে দোলাচল তৈরি করছে।
এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সরবরাহ চাপে পড়েছে। এর প্রভাব ইতোমধ্যে বিশ্বজুড়ে পড়তে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয় বেড়েছে। ইউরোপেও পরিস্থিতি একই রকম, ফলে সরকারগুলোকে অতিরিক্ত সহায়তা কর্মসূচি নেওয়ার কথা ভাবতে হচ্ছে।
বিশ্লেষকদের সতর্কবার্তা, উত্তেজনা দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব আরও গভীর হতে পারে।
সূত্র: শাফাক নিউজ
মতামত দিন