ঢাকা থেকে সড়কপথে যাত্রা করে কিছুটা দেরিতে টাঙ্গাইলে পৌঁছান প্রধানমন্ত্রী। ফলে পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন এনে তিনি সরাসরি জনসভায় যোগ দেন। পরে বিকেলে কৃষিমেলার উদ্বোধন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, সরকার ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তার মতে, কৃষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ১০টি জেলার ১১টি উপজেলায় এই উদ্যোগ চালু হচ্ছে। পর্যায়ক্রমে প্রায় ৩০ লাখ কৃষককে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই প্রকল্প তিন ধাপে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে।
‘কৃষক কার্ড’ চালুর ফলে কৃষকরা সহজ শর্তে ঋণ, সেচ সুবিধা ও কৃষি উপকরণ সংগ্রহের সুযোগ পাবেন। পাশাপাশি ভর্তুকি, প্রণোদনা এবং আধুনিক যন্ত্রপাতিতে বিশেষ ছাড় দেওয়া হবে।
এছাড়া ডিজিটাল সেবার মাধ্যমে মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য সরবরাহ করা হবে। প্রশিক্ষণ, কৃষি পরামর্শ, বিমা সুবিধা এবং ন্যায্যমূল্যে ফসল বিক্রির সুযোগও নিশ্চিত করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত দিন