মার্কিন অবরোধ অমান্য করে হরমুজ পাড়ি দিল চীনা ট্যাংকার।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নজরদারির মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি চীনা ট্যাংকার। মার্কিন নৌবাহিনীর ঘোষিত অবরোধ উপেক্ষা করে জাহাজটির চলাচল নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
মিডল ইস্ট আইয়ের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’-এর তথ্য বিশ্লেষণে এই ঘটনা নিশ্চিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘রিচ স্টারি’ নামের মাঝারি আকারের একটি ট্যাংকার উপসাগরীয় এলাকা থেকে বের হয়ে হরমুজ প্রণালি পার হয়েছে। অবরোধ জারির পর এই প্রথম কোনো চীনা ট্যাংকার ওই অঞ্চল ত্যাগের তথ্য সামনে এলো।
জাহাজটি সাংহাইভিত্তিক ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড’-এর মালিকানাধীন বলে জানা গেছে। এটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করছিল।
বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে চীনা ট্যাংকারের এই চলাচল মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করতে পারে।
সূত্র: পার্সটুডে
মতামত দিন