নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, মধ্যস্থতায় সক্রিয় পাকিস্তান।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থা কাটাতে আবারও সক্রিয় হয়েছে পাকিস্তান। একটি জ্যেষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ, যা প্রকাশ করেছে জিও নিউজ।
সূত্র জানায়, ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হলেও উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে। পূর্ণ অগ্রগতি না হলেও ভবিষ্যৎ সংলাপ নিয়ে পাকিস্তান এখনো আশাবাদী।
ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দ্রুত নতুন করে আলোচনায় বসানোর চেষ্টা করছে ইসলামাবাদ। চলমান যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিলের দিকে শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানোই তাদের প্রধান লক্ষ্য।
এদিকে দ্বিতীয় দফার আলোচনা আয়োজন নিয়েও কূটনৈতিক তৎপরতা চলছে। পাকিস্তান সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা এর আগেও দুই পক্ষকে আলোচনায় আনতে সক্রিয় ছিলেন।
সূত্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করছেন এবং ধারাবাহিক যোগাযোগ বজায় রেখেছেন।
পাকিস্তান ইতোমধ্যে উভয় পক্ষকে নতুন করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে এবং এখন তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, সময়মতো উদ্যোগ সফল হলে উত্তেজনা কমে আসবে এবং একটি সমঝোতার পথ তৈরি হবে।
সূত্র: জিও নিউজ

মতামত দিন