ইস্টার সানডের যুদ্ধবিরতি ভেঙে ফের উত্তেজনা, রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলার অভিযোগ।
ইস্টার সানডে উপলক্ষে ঘোষিত স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ভেঙে আবারও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, যুদ্ধবিরতির সময়ও রুশ বাহিনী ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। তার দাবি, রাশিয়া শত শতবার চুক্তি ভঙ্গ করেছে। তিনি বলেন, প্রতিটি হামলার যথাযথ জবাব দেওয়া হবে এবং একই সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে শান্তি আলোচনার সুযোগ তৈরি করা প্রয়োজন।
অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) থেকে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হবে। মস্কোর দাবি, ইউক্রেনও যুদ্ধবিরতির সময় ব্যাপকভাবে চুক্তি লঙ্ঘন করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেন প্রায় দুই হাজারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং কিছু এলাকায় পাল্টা আক্রমণ চালিয়েছে। তবে কিয়েভের অভিযোগ, রাশিয়া যুদ্ধবিরতির সময়ও হাজার হাজার ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে হামলা অব্যাহত রেখেছে।
ইউক্রেন আরও দাবি করেছে, হামলায় অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীরাও আক্রান্ত হয়েছেন, যা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
দুই পক্ষের এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।
এর আগে জেলেনস্কি যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব দেন, তবে তা প্রত্যাখ্যান করে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন পুতিন।
উল্লেখ্য, গত বছরও ইস্টার উপলক্ষে একই ধরনের স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা কার্যকর হয়নি। সে সময়ও উভয় পক্ষ একে অপরকে চুক্তি ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছিল।
মতামত দিন