রাজধানীতে ‘ফুয়েল পাস’ চালু, কিউআর কোড ছাড়া মিলবে না মোটরসাইকেলের জ্বালানি।
জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিয়ম কমাতে ও নজরদারি বাড়াতে রাজধানীতে নতুন ডিজিটাল উদ্যোগ নিয়েছে সরকার। নির্দিষ্ট ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলে তেল নিতে এখন থেকে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, রোববার (১৩ এপ্রিল) থেকে এ ব্যবস্থা কার্যকর হয়েছে। প্রাথমিকভাবে দুইটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও পরে আরও পাঁচটি যুক্ত হওয়ায় বর্তমানে মোট সাতটি স্টেশনে এই পদ্ধতি চালু রয়েছে।
এই তালিকায় রয়েছে তেজগাঁও, আসাদগেট, মহাখালী, শাহবাগ, নিকুঞ্জ ও কল্যাণপুর এলাকার কয়েকটি ফিলিং স্টেশন, যেখানে মোটরসাইকেল চালকদের এই ডিজিটাল পদ্ধতি মেনে জ্বালানি নিতে হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, চালকদের মোবাইল অ্যাপে থাকা কিউআর কোড স্ক্যান করে তেল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সীমা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে এবং সিস্টেমে তথ্য যাচাই না হওয়া পর্যন্ত তেল দেওয়া হবে না।
এ ব্যবস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকায় গাড়ির তথ্য তাৎক্ষণিক যাচাই করা যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
যাদের স্মার্টফোন নেই, তাদের জন্যও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। তারা অনলাইনে নিবন্ধন করে কিউআর কোড প্রিন্ট করে একইভাবে এই সেবা নিতে পারবেন।
মতামত দিন