যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানি বন্দর অবরোধে অংশ নিচ্ছে না যুক্তরাজ্য।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ, যেখানে হরমুজ প্রণালিতে ইরানের বন্দর অবরোধের বিষয় রয়েছে, সেখানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এ তথ্য জানিয়েছে বিবিসি।
লন্ডনের এই অবস্থানের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে সামরিক সহযোগিতার ক্ষেত্রে তাদের ভিন্নমত আরও স্পষ্ট হয়ে উঠেছে।
জানা গেছে, ইরানি বন্দর অবরোধে ব্রিটিশ নৌবাহিনীর কোনো জাহাজ বা সেনা ব্যবহার করা হবে না। তবে হরমুজ প্রণালিতে যুক্তরাজ্যের মাইন অপসারণ ইউনিট এবং ড্রোন প্রতিরোধ কার্যক্রম আগের মতোই চলমান থাকবে।
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, তারা হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতের নীতিকে সমর্থন করে যাবে। তাঁর মতে, এই গুরুত্বপূর্ণ জলপথ খোলা রাখা বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি যুক্তরাজ্যের জনগণের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের জন্যও জরুরি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি পরিস্থিতি আরও জটিল হওয়ার ঝুঁকি কিছুটা কমাতে পারে বলেও তারা মনে করছেন।
মতামত দিন