জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীতে পহেলা বৈশাখে যানবাহন চলাচলের তালিকা প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

পহেলা বৈশাখ উদযাপন ঘিরে রাজধানী ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১৪ এপ্রিল ভোর থেকে নির্দিষ্ট কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর থাকবে।

রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় উৎসব চলাকালীন যানবাহন চলাচল সীমিত থাকবে।

এ সময় মোট ১৪টি স্থানে ডাইভারশন ও ব্যারিকেড বসানো হবে বলে জানানো হয়। এর মধ্যে রয়েছে বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল চার্চ, কদম ফোয়ারা, হাইকোর্ট এলাকা, নীলক্ষেত, কাঁটাবনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়।

ট্রাফিক নির্দেশনায় বলা হয়েছে, মিরপুর ও ফার্মগেট দিক থেকে শাহবাগমুখী যানবাহন বিকল্প রুট ব্যবহার করে মগবাজার বা মিন্টো রোড দিয়ে চলাচল করবে। একইভাবে সায়েন্সল্যাব ও আশপাশের রুটের জন্যও আলাদা ডাইভারশন ব্যবস্থা রাখা হয়েছে।

পার্কিংয়ের জন্য নির্দিষ্ট কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে, যেখানে মৎস্য ভবন, সেগুনবাগিচা, পলাশী ও সচিবালয় সংলগ্ন সড়কগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মেডিক্যাল টিম, নৌ-পুলিশের ডুবুরি দল এবং ট্যুরিস্ট পুলিশের সেবা কেন্দ্র মোতায়েন থাকবে। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মোবাইল টয়লেটের ব্যবস্থাও থাকবে।

কোনো জরুরি পরিস্থিতি বা সন্দেহজনক ঘটনা ঘটলে ৯৯৯ বা ডিএমপি কন্ট্রোল রুমে যোগাযোগ করতে নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।


মতামত দিন