কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার।
ধর্ম অবমাননা ও কটূক্তির মামলায় কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকালে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে এবং অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেন।
আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, গত বছরের ২০ নভেম্বর ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করা হলে ৫ এপ্রিল তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত হয় গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর এলাকায় একটি পালাগানের আসরে তার বক্তব্যকে কেন্দ্র করে। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
পরবর্তীতে ১৯ নভেম্বর রাতে একটি গানের আসর থেকে তাকে আটক করে পুলিশ এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মতামত দিন