ইরানি বন্দর লক্ষ্য করে অবরোধ কার্যকর করার ঘোষণা যুক্তরাষ্ট্রের।
ইরানের সামুদ্রিক বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি করে সব ধরনের বন্দরে প্রবেশ ও প্রস্থান সীমিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কমান্ড সেন্টকম। সোমবার স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়, অবরোধ শুরু হলে ইরানের কোনো বন্দরে বিদেশি বা অভ্যন্তরীণ কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। পাশাপাশি বর্তমানে বন্দরে অবস্থানরত জাহাজগুলোও বের হতে পারবে না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
আরব সাগর ও ওমান উপসাগরসংলগ্ন ইরানি বন্দরসহ পুরো উপকূলীয় অঞ্চলে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে জানানো হয়। একই সঙ্গে বিশ্বের যেকোনো দেশের জাহাজ ইরানি বন্দরের দিকে গেলে তা এ নিয়মের আওতায় পড়বে বলেও সতর্ক করা হয়েছে।
তবে হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশের গন্তব্যে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অবরোধ কার্যকরের আগে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলোর জন্য বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে বলেও জানায় সেন্টকম।
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের দীর্ঘ আলোচনায় অগ্রগতি না আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ঘিরে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন, যার পরপরই এই ঘোষণা এলো বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
সূত্র: রয়টার্স

মতামত দিন