ইরানকে টোল প্রদানকারী জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের।
ইরানকে টোল বা অর্থ পরিশোধকারী কোনো জাহাজ আন্তর্জাতিক জলসীমায় দেখা গেলে সেগুলোকে আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ নির্দেশনার কথা জানান।
ট্রাম্প দাবি করেন, ইরান নৌপথে কৃত্রিম সংকট তৈরি করে আন্তর্জাতিক বাণিজ্যে বাধা সৃষ্টি করছে এবং বৈশ্বিক জাহাজ চলাচলকে চাপের মধ্যে ফেলছে।
তিনি আরও বলেন, যারা ইরানকে “অবৈধভাবে টোল” দিচ্ছে, তাদের কোনো জাহাজই নিরাপদে চলাচল করতে পারবে না।
বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার কথাও উল্লেখ করেন। তার অভিযোগ, কিছু জায়গায় মাইন বসানোর আশঙ্কা তৈরি করে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রণালিতে সম্ভাব্য মাইন অপসারণে কাজ শুরু করবে, যাতে নৌ চলাচল স্বাভাবিক রাখা যায়।
একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বা শান্তিপূর্ণ জাহাজ লক্ষ্য করে কোনো হামলা হলে তার “কঠোর ও তাৎক্ষণিক” জবাব দেওয়া হবে।
তিনি আরও দাবি করেন, ইরান ইতোমধ্যে তাদের সামরিক সক্ষমতার বড় অংশ হারিয়েছে এবং বর্তমান উত্তেজনার পেছনে দেশটির পারমাণবিক কর্মসূচিই মূল কারণ।
এদিকে তিনি ইঙ্গিত দেন, ইরানের বিরুদ্ধে শিগগিরই নতুন অবরোধ আরোপ করা হতে পারে, যেখানে অন্য দেশগুলোও যুক্ত হতে পারে।

মতামত দিন