জাতীয়
ছবি: সংগৃহীত

আমি নিজে গুমের শিকার: স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

গুমের শিকারদের বিচার নিশ্চিত করতে কার্যকর ও শক্তিশালী কমিশন গঠনের ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই কমিশন যেন বাস্তবিকভাবে কাজ করতে পারে, সে দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তিনিও গুমের শিকার হয়েছেন। তাই এই ইস্যুতে একটি শক্তিশালী ও কার্যকর আইন প্রয়োজন বলে মনে করেন তিনি। তার মতে, প্রস্তাবিত কাঠামো যথাযথভাবে পর্যালোচনা না করে পাস করা হলে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন।

তিনি আরও জানান, জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো নিয়ে এখনও বিস্তারিত যাচাই-বাছাই চলছে।

সংসদীয় কার্যক্রম নিয়ে সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল কিছু ইস্যুতে ওয়াকআউট করলেও সেগুলো বাস্তবতার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ ছিল না। পাশাপাশি সংসদের বাইরে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অধ্যাদেশ প্রসঙ্গে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বেশিরভাগই ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে। কিছু সংশোধন করে গ্রহণ করা হয়েছে এবং কয়েকটি বাতিল বা স্থগিত রাখা হয়েছে। বাকি অধ্যাদেশগুলো বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী আরও পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, সংসদে এসব বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে এবং বিভিন্ন সদস্যকে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে বিরোধী দলের কিছু বক্তব্য বিভ্রান্তিকর বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া, গুম, মানবাধিকার এবং বিচার ব্যবস্থাসংক্রান্ত আইনগুলো আরও পরিমার্জনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মতামত দিন