জাতীয়
ছবি: সংগৃহীত

মাদারীপুরে চলন্ত বাসে আগুন, লাফ দিতে গিয়ে চাকার নিচে পড়ে যাত্রীর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আগুনের আতঙ্কে বাস থেকে নামার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

রোববার (১২ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকাগামী ‘সাকুরা পরিবহন’-এর একটি বাস বরিশালের পথে ছিল। পথে হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি বুঝে চালক দ্রুত গাড়িটি সড়কের পাশে থামান।

বাস থামার পর যাত্রীরা দ্রুত নেমে যেতে শুরু করেন। তবে এ সময় আতঙ্কের মধ্যে এক যাত্রী লাফ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরও একজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই সেটি দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে ডাসার ও কালকিনি ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, যান্ত্রিক ত্রুটি—বিশেষ করে ইঞ্জিন বা বৈদ্যুতিক লাইনের সমস্যার কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

ডাসার থানার ওসি তরিকুল ইসলাম জানান, বাসে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন এবং বেশিরভাগই নিরাপদে নামতে সক্ষম হন।

মতামত দিন