দাম বাড়ছে না ভোজ্যতেলের, বাজার স্থিতিশীল রাখতে কঠোর অবস্থান সরকারের।
ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব এলেও আপাতত তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১২ এপ্রিল) তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, বাজারে কিছু ব্র্যান্ডের তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও সামগ্রিক পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে দাম বাড়ানোর বিষয়টি উত্থাপন করা হলেও এ মুহূর্তে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে চলমান যুদ্ধের প্রভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে সরকার চায় না নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের দাম বাড়ুক।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সরবরাহ, আমদানি এবং বাজারদর—সবকিছু বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভোজ্যতেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে এবং সরকারও চায় বাজারে স্থিতিশীলতা বজায় থাকুক।
মতামত দিন