চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযান,বিপুল পরিমাণ স্বর্ণসহ পাচারকারী আটক।
সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা চলাকালে চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দর্শনার বারাদি সীমান্তের পাঁচ কবর এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয়ভাবে পরিচিত সমর হালদার (২৭) বাইসাইকেল নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবির টহল দল তাকে সন্দেহ করলে থামার নির্দেশ দেয়। তবে তিনি দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটকের পর তল্লাশিতে তার সঙ্গে থাকা একটি প্যাকেট পাওয়া যায়। সেটি খুলে দেখা যায় ভেতরে স্বর্ণের বার রয়েছে। পরে ওজন করে মোট ৪৫২ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় এক কোটি টাকার কাছাকাছি। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও বাইসাইকেলও জব্দ করা হয়।
৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতামত দিন