সশস্ত্র বাহিনীর ঐক্যই দেশের নিরাপত্তার মূল শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান।
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) সেনানিবাসের দরবার হলে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই সেনাবাহিনীর মূল দায়িত্ব, যা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থের সঙ্গে যুক্ত নয়। বাহিনীকে সবসময় জাতীয় স্বার্থে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে বলেন, সেনাবাহিনীর আধুনিকায়ন ও দেশপ্রেমের চেতনা গড়ে তুলতে তার অবদান ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
তারেক রহমান আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি খাতে সংস্কার এবং জনগণের কল্যাণে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। “রাষ্ট্র মেরামতের” লক্ষ্য সামনে রেখে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথাও তিনি তুলে ধরেন।
পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, সেই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। একই সঙ্গে বিভিন্ন সময় বাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিহার্য এবং এ ক্ষেত্রে কোনো আপসের সুযোগ নেই।
মতামত দিন