পানি সংকটে কাপ্তাই হ্রদের ৩ ইউনিটর বিদ্যুৎ উৎপাদন বন্ধ।
কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় পানি কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বর্তমানে কেন্দ্রটির ৫টি ইউনিটের মধ্যে মাত্র ২টি ইউনিট চালু রাখা সম্ভব হচ্ছে।
রোববার (১২ এপ্রিল) সকালে কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, পানির স্বল্পতার কারণে তিনটি ইউনিট বন্ধ রয়েছে। চালু থাকা দুই ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
স্বাভাবিক সময়ে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় প্রায় ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তবে পানির ঘাটতির কারণে সেই উৎপাদন এখন অর্ধেকে নেমে এসেছে।
কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে হ্রদের পানির স্তর ৮১.০২ মিটার (এমএসএল) এ নেমে এসেছে, যেখানে স্বাভাবিকভাবে থাকার কথা ৮৫.৮০ মিটার। এই ব্যবধানই উৎপাদন কমে যাওয়ার মূল কারণ।
কর্তৃপক্ষ জানিয়েছে, পানির স্তর আরও কমে গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ৬৮ মিটার এমএসএলকে বিপজ্জনক সীমা ধরা হয়, যেখানে পৌঁছালে পুরো বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে।
এদিকে অনাবৃষ্টি ও তাপদাহে হ্রদের পানি কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এই পানির ওপর নির্ভরশীল বিভিন্ন কার্যক্রমেও প্রভাব পড়ছে।
মতামত দিন