আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন অপসারণ কার্যক্রম শুরু করতে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের।

নিজেস্ব প্রতিবেদক:

হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক উপস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র যেখানে সমুদ্রপথ ‘নিরাপদ’ করার উদ্যোগের কথা বলছে, সেখানে ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে—কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সমুদ্রের মাইন অপসারণ কার্যক্রম শুরু করতে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ইতোমধ্যে প্রণালি অতিক্রম করেছে। এই মিশনের অংশ হিসেবে নতুন একটি নিরাপদ নৌপথ তৈরির কাজও চলছে বলে জানিয়েছেন সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

তার ভাষ্য অনুযায়ী, বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে খুব শিগগিরই এই নিরাপদ রুট চালু করা হবে।

এই অভিযানে অংশ নিয়েছে ইউএসএস ফ্র্যাঙ্ক ই. পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি। পাশাপাশি ভবিষ্যতে পানির নিচে চলাচলকারী ড্রোনসহ আরও সামরিক সক্ষমতা যুক্ত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে ওয়াশিংটনের এই দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, হরমুজ প্রণালিতে কোন জাহাজ চলাচল করবে—সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের সশস্ত্র বাহিনীর।

এর পরই আরও কড়া অবস্থান নেয় রেভল্যুশনারি গার্ড। তারা জানায়, এই গুরুত্বপূর্ণ জলপথে কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে তা সহ্য করা হবে না।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কেবল বেসামরিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা শুরুর পর এই প্রথম এমন সামরিক পদক্ষেপের ঘোষণা দিল ওয়াশিংটন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হরমুজ প্রণালি ‘পরিষ্কার’ করার কাজ শুরু হয়েছে বলে দাবি করেছিলেন।

মতামত দিন