আলোচনায় সমাধান খোঁজার চেয়ে বেরিয়ে যাওয়ার পথই খুঁজছিল যুক্তরাষ্ট্র: দাবি ইরানের।
ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হয়নি। বৈঠক শেষ করে দুই দেশের প্রতিনিধিরাই নিজ নিজ অবস্থানে ফিরে যাচ্ছে।
তবে এই ব্যর্থতার জন্য ওয়াশিংটনের দিকেই ইঙ্গুল তুলেছে তেহরান। ইরানি পক্ষের দাবি, আলোচনায় সমাধান খোঁজার চেয়ে বেরিয়ে যাওয়ার পথই খুঁজছিল যুক্তরাষ্ট্র।
দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ, ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাতে জানায়—হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে মতবিরোধ তীব্র হওয়ায় আলোচনা ভেস্তে যায়।
ইরানের অভিযোগ, সামরিকভাবে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সুবিধা আদায়ের চেষ্টা করেছে। তাদের মতে, ওয়াশিংটনের প্রস্তাবগুলো ছিল অতিরিক্ত এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
তেহরান আরও জানায়, হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিয়েছে, সেগুলো গ্রহণযোগ্য মনে হয়নি। ফলে সেগুলো সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে।
এ অবস্থায় আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন ইরানের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
উল্লেখ্য, চলমান উত্তেজনা প্রশমনে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ। সেই ধারাবাহিকতায় ১১ এপ্রিল আলোচনায় বসলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।
মতামত দিন