আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

২১ ঘণ্টার আলোচনাও ব্যর্থ, সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সঙ্গে দীর্ঘ সময়ের আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। ফলে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ইসলামাবাদ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

রোববার (১২ এপ্রিল) সকালে পাকিস্তানের রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি বলেন, টানা ২১ ঘণ্টার আলোচনা হলেও গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য তৈরি হয়নি।

আলোচনার প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে ভ্যান্স জানান, এই ব্যর্থতার জন্য ইসলামাবাদকে দায়ী করা যায় না। তার ভাষায়, দুই দেশের মধ্যে দূরত্ব কমাতে পাকিস্তান আন্তরিকভাবে কাজ করেছে।

যুক্তরাষ্ট্রের মূল অবস্থান তুলে ধরে তিনি বলেন, ইরানের কাছ থেকে স্পষ্ট নিশ্চয়তা চাওয়া হয়েছিল—তারা যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং সেই সক্ষমতা অর্জনের দিকেও না এগোয়। তবে এই শর্তে রাজি হয়নি তেহরান।

কোন কোন প্রস্তাব নিয়ে মতপার্থক্য হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি ভ্যান্স। তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত পর্যায়ের আলোচনার সব তথ্য প্রকাশ করা সমীচীন নয়।

এদিকে, ইরানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ‘অতিরিক্ত ও বেআইনি’ দাবি করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি না দিলে কোনো চুক্তি সম্ভব নয়।

এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে তাৎক্ষণিক কোনো অগ্রগতি না থাকলেও কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি বন্ধ হয়নি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মতামত দিন