ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের আলোচনা শুরু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) শহরের সেরেনা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যা দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সবচেয়ে উচ্চপর্যায়ের সংলাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বৈঠকটি সরাসরি নাকি মধ্যস্থতার মাধ্যমে পরিচালিত হচ্ছে, তা নিয়ে এখনো স্পষ্টতা নেই। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তিন দেশের প্রতিনিধিরা একই কক্ষে আলোচনা করছেন। তবে সিএনএন ও বিবিসির তথ্য অনুযায়ী, আলোচনাটি পরোক্ষ কাঠামোয় চলছে।
এর আগে দুই পক্ষ আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে।
ইরান পক্ষের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
আলোচনায় মূলত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং সম্ভাব্য সমঝোতার পথ নিয়ে কথা হচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলোর ধারণা।
সূত্র: আল জাজিরা

মতামত দিন