জাতীয়
ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরের দরবারে হামলা ও ভাঙচুর, কথিত পীরকে পিটিয়ে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ঘিরে উত্তেজনার মধ্যে কথিত এক পীরের দরবারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে গণপিটুনিতে শামীম (৫২) নামের ওই ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১১ এপ্রিল) দুপুরে ফিলিপনগর এলাকায় অবস্থিত দরবারে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত জনতা দরবারে ঢুকে ভাঙচুর চালায় এবং একাধিক কক্ষে অগ্নিসংযোগ করে।

অভিযোগ রয়েছে, সম্প্রতি ওই ব্যক্তি তার অনুসারীদের সামনে পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ঘটনার জেরেই এই হামলা ও সংঘর্ষের সূত্রপাত।

হামলায় শামীমের দুই অনুসারী গুরুতর আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে শামীমকে মৃত ঘোষণা করা হয়।

নিহত শামীম ফিলিপনগর এলাকার সামসুল ইসলামের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি নিজেকে ‘কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী’র অনুসারী হিসেবে পরিচয় দিতেন।

বিকেল পর্যন্ত ঘটনাস্থলে হাজারো মানুষ অবস্থান করায় এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করে এবং পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মতামত দিন